মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে চালুর উদ্যোগের মধ্যেই কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উদ্বেগ বাড়াচ্ছে। সরকারি নির্ধারিত ব্যয়ের তুলনায় কয়েক গুণ বেশি টাকা দিয়ে দেশটিতে যাওয়ার চুক্তি করছেন অনেক কর্মী। অথচ কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তাদের বিদেশযাত্রা হবে, সে সম্পর্কেও স্পষ্ট ধারণা নেই অনেকের। এ পরিস্থিতিতে দালাল ও সাব-এজেন্টদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা না গেলে ফের বন্ধ হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার।
এরই একটি উদাহরণ নবাবগঞ্জের যুবক বিজয় মন্ডল। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে রাজধানীতে এলেও কোন এজেন্সির মাধ্যমে তার বিদেশযাত্রা হবে, তা জানেন না তিনি। অথচ এরই মধ্যে দালালের হাতে তুলে দিয়েছেন সাড়ে ৭ লাখ টাকা। বিজয়ের মতো আরও অনেক কর্মী ৬ থেকে ৭ লাখ টাকায় মালয়েশিয়া যাওয়ার চুক্তি করছেন বলে জানা গেছে।
অথচ সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে মাত্র ১ লাখ ৫৪ হাজার টাকা। এ সংক্রান্ত ব্যয়ের হিসাব ইতোমধ্যে জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
অন্যদিকে, মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে (এফডব্লিউসিএমএস) নিবন্ধিত বেসরকারি রিক্রুটিং এজেন্সির মালিকরাও বলছেন, কর্মী পাঠানোর খরচ সরকারি নির্ধারিত ব্যয়ের কাছাকাছি রাখার চেষ্টা করছেন তারা। একই সঙ্গে দালালদের প্রলোভনে পড়ে অতিরিক্ত অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছেন তারা।
শ্রমবাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক আতিকুর রহমান বিশ্বাস মনে করেন, অভিবাসন প্রক্রিয়ায় যত বেশি মধ্যস্বত্বভোগী যুক্ত হবে, কর্মীদের খরচ তত বাড়বে। তাই মূল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর ব্যয় সরকার ঘোষিত খরচের কাছাকাছি রাখা জরুরি।
অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সদস্য মাজেদুল হক। তার মতে, কারা নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত টাকা আদায় করছে, তা চিহ্নিত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এতে অভিবাসন প্রক্রিয়ায় শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরবে।
এদিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোকে সতর্ক করেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রতারণা ও দুর্নীতি এড়াতে সব ধরনের আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রী জানান, নগদ অর্থে লেনদেন হলে তার দায়দায়িত্ব নেওয়ার সুযোগ থাকে না। অন্যদিকে ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করা হলে লেনদেনের প্রমাণ সংরক্ষিত থাকে। এরপরও কেউ প্রতারণার শিকার হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, মালয়েশিয়াগামী অনেক কর্মীই জানেন না কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তাদের বিদেশে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। অথচ দালাল ও সাব-এজেন্টদের হাতে তুলে দিচ্ছেন লাখ লাখ টাকা। এতে একদিকে কর্মীদের আর্থিক ঝুঁকি বাড়ছে, অন্যদিকে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।
খাত সংশ্লিষ্টদের আশঙ্কা, শুরুতেই অতিরিক্ত অভিবাসন ব্যয়, মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও সংকটে পড়তে পারে। কর্মী পাঠানোর ক্ষেত্রে এজেন্ট ও এজেন্সির জবাবদিহি নিশ্চিত করা, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রতিষ্ঠা করা না গেলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন কর্মীরাই। একই সঙ্গে বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের জন্য সম্ভাবনাময় এই শ্রমবাজার।








