মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সবশেষ

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি নিয়োগে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব বিষয় তুলে ধরেন।

বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে যৌথ সভাপতিত্ব করতে ওয়েলডন এপ ঢাকা সফরে এসেছেন। এর আগে দিনের শুরুতে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশি নাগরিকদের বৈধভাবে বিদেশ ভ্রমণ ও শিক্ষার সুযোগ আরও সহজ করা প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা দ্রুত সম্পন্ন করার বিষয়ে কানাডার সহযোগিতা চান তিনি। পাশাপাশি অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত এবং দক্ষ জনশক্তির বৈধ অভিবাসন উৎসাহিত করতে সরকারের অঙ্গীকারের কথা জানান।

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব
বাংলাদেশ ও কানাডার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে কানাডার ভূমিকা প্রশংসনীয়। কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে শামা ওবায়েদ সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দেন। বিশেষ করে এ খাতে নারীদের অংশগ্রহণ ও অবদান বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি জানান, ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৪০০ কোটি কানাডীয় ডলারে পৌঁছেছে। এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বাণিজ্যের পরিধি আরও বিস্তৃত করা এবং বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

এ ছাড়া কৃষি, জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) এবং দক্ষতা উন্নয়নকে দুই দেশের সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এলডিসি উত্তরণেও কানাডার সহযোগিতার প্রশংসা
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কানাডার দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান শামা ওবায়েদ। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও আরও তিন বছর বাংলাদেশি পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখার কানাডার প্রতিশ্রুতিকে স্বাগত জানান তিনি।

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহায়তা চাইল বাংলাদেশ
বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। এ সংকটে কানাডার ধারাবাহিক মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় দেশটির সমর্থনের জন্য ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে কানাডার সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। এ ছাড়া গত ১৯ নভেম্বর দেওয়া আইসিজের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন শামা ওবায়েদ।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *