জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এবার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন পর্যন্ত সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চার ব্যক্তি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে গত মঙ্গলবার হাইকোর্টে রিটটি করা হয়।
রিট আবেদনকারীরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী রহিম উল্লাহ, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুকশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী জুলহাস উদ্দিন এবং সৌদি আরবপ্রবাসী মোশারফ হোসেন ও মালদ্বীপপ্রবাসী তামজেদ উল্লাহ।
আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব এবং স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটে জানতে চাওয়া হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। একই সঙ্গে এ অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা জারির আবেদন করা হয়েছে।
শুধু দীর্ঘমেয়াদি সমাধান নয়, রিটের চূড়ান্ত নিষ্পত্তির আগেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চেয়েছেন আবেদনকারীরা। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবকে এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার আবেদনও রয়েছে।
রিটে যুক্তি দেওয়া হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২৭ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে জাতীয় নির্বাচনে এই সুযোগ তৈরি করা হলেও স্থানীয় সরকার নির্বাচনে একই ধরনের ব্যবস্থা চালু করা হয়নি।
আবেদনকারীদের মতে, ভোটাধিকার অংশগ্রহণমূলক গণতন্ত্রের অন্যতম ভিত্তি। অথচ স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ না রাখা সাংবিধানিক অধিকারের পরিপন্থি। বর্তমান আবাসস্থলের ভিত্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা না করাকে বৈষম্যমূলক ও স্বেচ্ছাচারী বলেও উল্লেখ করা হয়েছে।
রিটে আরও বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের আইনি ও আবেগিক সম্পর্ক রয়েছে। দেশের জনজীবন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে তাদের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। এ সুযোগ থেকে বঞ্চিত রাখা সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির রোববার বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বাংলাদেশের গণতন্ত্রায়নের পথে বড় বাধা। নির্বাচন কমিশন এ বিষয়ে এখনো কোনো কার্যকর জবাব দেয়নি। এ নিয়ে লিগ্যাল নোটিস পাঠানো হলেও তার জবাব পাওয়া যায়নি।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সামান্য প্রযুক্তিগত উদ্যোগ গ্রহণ করলেই প্রবাসীদের ভোট দেওয়ার উপযুক্ত ব্যবস্থা করা সম্ভব। এরপরও নির্বাচন কমিশন কেন এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না, তা বোধগম্য নয়।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পেছানোর কোনো আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নে শিশির মনির বলেন, এখন থেকেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব।
বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শিগগিরই রিটটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির।








