রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সবশেষ

মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে একটি কাঠের ট্রলারে উঠেছিলেন ৩১৭ জন। তাদের মধ্যে ছিলেন নারী ও শিশুরাও। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই কক্সবাজারের টেকনাফ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযানে আটক হয় ট্রলারটি। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে লোকজনকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে, এমন গোপন তথ্য পেয়ে ট্রলারটির ওপর নজরদারি শুরু করেন কোস্ট গার্ড সদস্যরা। একপর্যায়ে ট্রলারটির অবস্থান শনাক্ত করে সেটিকে থামার সংকেত দেওয়া হয়।

তবে সংকেত উপেক্ষা করে ট্রলারটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে ট্রলারটি আটক করতে সক্ষম হন।

ট্রলারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। এরপর ট্রলারে থাকা নারী ও শিশুসহ মোট ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক।

অভিযানে সাতজনকে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাগরপথে মানবপাচারের সময় একটি কাঠের ট্রলারসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, রোববার দুপুরে টেকনাফে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযান ও উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

উদ্ধার হওয়া ৩১৭ জনের পরবর্তী ব্যবস্থা, আটক সাতজনের পরিচয় এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ে জানানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *