বুধবার, ২৫ মার্চ ২০২৬

শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত

রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার কথাও বলা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর ইশতেহার ঘোষণা করে দলটি। নির্বাচনি ইশতেহারে এ তথ্য তুলে ধরা হয়।

ইশতেহারের অষ্টম ভাগে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব নিয়ে পরিকল্পনা এবং প্রতিশ্রুতি জানানো হয়েছে। এতে মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য (সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার) রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে দলটি।

এছাড়া শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার কথাও বলা হয়েছে।

জুলাই বিপ্লব নিয়ে জামায়াতের ইশতেহারে বলা হয়েছে, জুলাই বিপ্লবের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আধুনিক ও টেকসই ডিজিটাল প্রযুক্তি প্রয়োগ করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা করা হবে।

এছাড়া জুলাই বিপ্লবের শহীদ এবং জুলাই যোদ্ধাদের জন্য প্রতি মাসে অনুদান ও ভাতা প্রদানের ব্যবস্থা করা, জুলাই বিপ্লবে শহীদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ ও কর্মযোদ্ধা হিসেবে তাদের পুনর্বাসন করার কথা বলেছে দলটি। আহত ও পঙ্গু জুলাই যোদ্ধাদের চিকিৎসার সব খরচ সরকারি কোষাগার থেকে নির্বাহ করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *