ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল সাড়ে ৩টায় হোটেল সোনারগাঁওয়ে বলরুমে এ ইশতেহার ঘোষণা করবেন তিনি। এবার সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনে এবারকার ভোটে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সে হিসেবে তার এটি প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা।
নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন বলেন, ‘বিএনপি গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব শ্রেণি-পেশার মানুষের সাথে আমরা কাজ করেছি। প্রাথমিকভাবে ৩১ দফা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা-উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কর্মসূচি নিয়েছি।’
তিনি বলেন, ‘সেই জনসম্পৃক্ততার আলোকে দল, অঙ্গ এবং সহযোগী সংগঠন সব শ্রেণি-পেশার মানুষের মতামত তার ওপর ভিত্তি করে কিন্তু সংযোজন বিয়োজন পরিবর্তন পরিবর্তনের আলোকে যুগের চাহিদা মিলিয়ে জনমান মানুষের সমস্যার সমাধানের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপি নির্বাচনী ইশতেহার নিয়ে আসছে।’
মাহদী আমীন বলেন, ‘আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে জনগণের ক্ষমতায়ন হবে। আমাদের ইশতেহারের প্রতিটি পর্যায়ে সেই জনগণের ক্ষমতায়ন জনগণের রাষ্ট্রীয় মালিকানা, স্বাধীনতা অধিকার, নিরাপত্তা সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যেখানে নিজে তার পরিবার নিয়ে এখন থেকে অনেকটা ভালো থাকবে।’
তিনি বলেন, ‘প্রতিটি সেক্টরে সুনির্দিষ্ট সুবিস্তৃত যে পরিকল্পনা রয়েছে তার মাধ্যমে দেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশআল্লাহ।’








