মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী ভোটার

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত পাঁচ লাখের বেশি প্রবাসী ইতোমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এই তথ্য নিশ্চিত করে।

ইসি জানায়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩ ব্যালট প্রবাসী ভোটাররা গ্রহণ করেন। গ্রহণকৃত ব্যালটের মধ্যে ৫ লাখ ১২ হাজার ৯১৬ প্রবাসী ভোট প্রদান করেছেন। ভোট দেওয়ার পর এসব ব্যালট দেশে ফেরত পাঠানোর জন্য ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন প্রবাসী পোস্ট অফিসে ব্যালট জমা দেন। এর মধ্যে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন।

কমিশন আরও জানায়, এছাড়া দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটগ্রহণ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানো হয়। দেশের ভেতরে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

এই শ্রেণির ভোটারদের মধ্যে ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ইতোমধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন। ভোট দেওয়ার পর ৫ লাখ ৪০৮টি ব্যালট পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট গ্রহণ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন ও গণভোটের সব কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *