গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর-এর একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার মালাক্কা রাজ্যের সুংগাই উদাং (Sungai Udang) কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রতিনিধিদল সেখানে আটক থাকা ৯ (নয়) জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় আটক ব্যক্তিদের গ্রেপ্তার ও আটক সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি তাদের আইনগত অবস্থা, মামলা সংক্রান্ত অগ্রগতি এবং কারাবাসের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রতিনিধিদলের সদস্যরা।
সাক্ষাৎকালে আটক বাংলাদেশিরা তাদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের বিষয় তুলে ধরেন। প্রতিনিধিদল সেসব বিষয় মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন ও যোগাযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।








