রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্বশত্রুতার জেরে নুর এ আলম (৩৫) নামে এক লেগুনা চালককে হত্যার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন সুফিয়া গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে নুর এ আলমকে মারধর করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রাতে তিনি মারা যান।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে এবং হাসপাতালে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছেন।’
ওসি আরও জানান, সম্প্রতি নুর এ আলমের সঙ্গে অন্য এক চালক বা শ্রমিকের ঝগড়াঝাটি হয়েছিল বলে জানা গেছে। তবে এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।








