শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

কেন মামদানির প্রিয় মাস রমজান?

পবিত্র রমজান শুরুতেই নিজের অনুভূতি জানিয়েছেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। তিনি রমজানকে বছরের সবচেয়ে প্রিয় সময় বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, এটি আত্মসমালোচনা ও সংহতির মাস। এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ।

সেই খবর অনুযায়ী, রমজান শুরু হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামদানি। মজা করে বলেন, ‘এই মুহূর্তে আমি তৃষ্ণার্ত বোধ করছি।’ তবে তিনি জোর দিয়ে বলেন, রমজান শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকার বিষয় নয়। এটি আত্মশুদ্ধি ও মানুষের পাশে দাঁড়ানোর সময়।

রমজান নিয়ে মামদানির দৃষ্টিভঙ্গি:

রমজানের প্রথম দিনে নিউইয়র্কে প্রায় ১০ লাখের বেশি মুসলমান রোজা রাখেন। নিজেও রোজা রেখে একটি আবাসনসংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেন মেয়র। তিনি জানান, ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নিয়ে নগরীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে যুক্ত হতে তিনি উচ্ছ্বসিত।

মামদানি বলেন, ‘কর্মদিবসের আগে সেহরি হোক বা রাতের শিফটে অল্প সময়ের বিরতিতে ইফতার- সব জায়গায় সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকি।’ রমজান উপলক্ষে তিনি ইউটিউবে ‘রমজান মোবারক’ বার্তাও প্রকাশ করেন।

ব্যক্তিগত জীবনে রমজানের গুরুত্ব:

রমজান তার ব্যক্তিগত জীবনেও গভীর তাৎপর্য বহন করে। উগান্ডার কাম্পালায় তার শৈশব কেটেছে। পরে বিভিন্ন মহাদেশে বেড়ে ওঠেন। বহুসাংস্কৃতিক এই অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে।

রমজান উপলক্ষে ইনস্টাগ্রামে নিজের ইফতার প্লেটের একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে মধ্যপ্রাচ্যের ফালাফেল, কাবাব, হুমুস ও ডলমাস ছিল। পাশাপাশি ছিল দক্ষিণ এশিয়ার পকোড়া, জিলাপি ও সামোসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *