বুধবার, ৪ মার্চ ২০২৬

সবশেষ

৬ রুটে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটগুলোতে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরুরি এ বার্তা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই ৬ রুট বাদে বিমানের মধ্যপ্রাচ্যগামী অন্যান্য রুটের (জেদ্দা, মদিনা, রিয়াদ, মাস্কাট) ফ্লাইটসমূহ যথারীতি পরিচালিত হচ্ছে।

আরও বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাময়িকভাবে স্থগিত হওয়া ৬ রুটের যাত্রী, যারা স্থগিত থাকাকালীন সময়ে যাত্রার জন্য টিকেট সংগ্রহ করেছেন, তারা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড করতে পারবেন অথবা বিনামূল্যে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। যাত্রীরা দেশে ও বিদেশে বিমানের যেকোনো সেলস সেন্টার অথবা ক্রয়কৃত টিকেট প্রদানকারী ট্রাভেল এজেন্সি থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন বলেও জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিমানের ফ্লাইট সম্পর্কিত যেকোনো তথ্য জানতে যাত্রীরা বিমান কলসেন্টার: ১৩৬৩৬ (অভ্যন্তরীণ) বা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) – এ যোগাযোগ করতে পারবেন।

বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *