বুধবার, ১১ মার্চ ২০২৬

‘আমরা এই যুদ্ধকে সমর্থন করি না এবং এতে অংশও নিচ্ছি না’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেন-নোয়েল বারো বলেছেন, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের বাইরে পরিচালিত হচ্ছে এবং এর সুস্পষ্ট কৌশলগত লক্ষ্যও নেই।

মঙ্গলবার ফ্রান্স টু টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এই যুদ্ধকে সমর্থন করি না এবং এতে অংশও নিচ্ছি না।’

বারো বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দ্রুত উত্তেজনা কমানোর দাবি রাখে। একই সঙ্গে তিনি ইরানকে আঞ্চলিক নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানান।

তার ভাষায়, ‘আমরা আশা করি ইরান অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও বিপজ্জনক শক্তি হিসেবে নিজেদের ভূমিকা থেকে সরে আসবে।’

তিনি আরও বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার পথ তৈরি করতে তেহরানকে তার নীতিতে ‘মৌলিক পরিবর্তন’ আনতে হবে এবং বড় ধরনের সমঝোতায় যেতে হবে।

এদিকে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি নিরাপদ রাখতে আন্তর্জাতিক প্রতিরক্ষামূলক মিশন গঠনের বিষয়েও আগ্রহ দেখাচ্ছে কয়েকটি দেশ।

এই উদ্যোগের কথা প্রথম উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পররাষ্ট্রমন্ত্রী জানান, সম্ভাব্য এই মিশনে কয়েকটি ইউরোপীয় দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কিছু দেশও অংশ নিতে আগ্রহ দেখিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরানে সামরিক অভিযান শুরু হয়। ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পরিচিত এই অভিযানে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১০ হাজার মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় কয়েকটি দেশে—যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে—ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *