ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বেঁচে আছেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জানিয়েছেন, তিনি তেল চান; সারা বিশ্বের জন্যই তেল চান। স্থানীয় সময় শনিবার এনবিসি নিউজকে ফোনে সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা জানান বলে সিএনএন জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ শেষ করার জন্য ইরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত নই আমরা। ইরান একটি চুক্তি করতে চায় এবং আমি তা করতে চাই না; কারণ শর্তগুলো এখনো যথেষ্ট ভাল নয়। যেকোনো চুক্তি খুব দৃঢ় হতে হবে।
ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থা নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, আমি জানি না তিনি বেঁচে আছেন কি না। এখনো পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি।
ট্রাম্প বলেন, আমি শুনেছি তিনি বেঁচে নেই এবং যদি বেঁচে থাকেন, তাহলে তার দেশের জন্য খুব বুদ্ধিমানের কাজ করা উচিত, আর সেটা হলো আত্মসমর্পণ।
বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধির সাথে সাথে রাশিয়ার তেল খাতের ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি বিশ্বের জন্য তেল চাই। আমি তেল চাই। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর মূলত আরোপিত নিষেধাজ্ঞাগুলো সঙ্কট শেষ হওয়ার সাথে সাথেই ফিরে যাবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।
এ ছাড়া ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা করছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল।








