দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ নিয়োগকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন।
রোববার (১৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ ও দাবি জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।
স্থানীয় সরকারকে শক্তিশালী করার নামে সরকারের এ পদক্ষেপ আসলে গণতন্ত্রকে দুর্বল করার অপচেষ্টা উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের ভোট ও মতামতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ধারা ও রাজনৈতিক সংস্কৃতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমরা মনে করি, এ সিদ্ধান্ত সরকারের জন্যই বুমেরাং হবে।
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কথা স্মরণ করিয়ে দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।