সোমবার, ১৬ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গতকাল তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। রোববার দেশটির অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরান যুদ্ধকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও কৃত্রিম ভিডিও কনটেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কয়েক দিন ধরে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারির পর এই অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে এসব তথ্য ছড়ানো হচ্ছিল।

অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেন, জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করতে পারে— এমন কৃত্রিম তথ্য ও ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়া ঠেকাতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কঠোর নজরদারি চালানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমিরাতে গুজব ও ভুয়া তথ্য ছড়ানো দণ্ডনীয় অপরাধ। দেশটির আইন অনুযায়ী, এ ধরনের অপরাধ প্রমাণিত হলে অন্তত এক বছরের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।

সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে অ্যাটর্নি জেনারেল জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও আপলোড করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সরকারের মতে, এ ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতার পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে।

সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *