শনিবার, ২৮ মার্চ ২০২৬

পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার

বাংলাদেশে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় করতে প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়েছে যে, সরকারিভাবে নিয়োগ দেওয়া ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন।

ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে বিপিসি।

এছাড়া বাকি জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলার প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন বলেও জানানো হয়েছে।

এদিকে পৃথক এক বার্তায়, দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় বা মজুদ না করতে সবার প্রতি আহ্বান জানিয়ে অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে আন্তর্জাতিক বাজার থেকে সরকার প্রয়োজনীয় জ্বালানি তেল কিনছে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *