বুধবার, ১ এপ্রিল ২০২৬

জোট নিয়ে হতাশ ট্রাম্প, ন্যাটো ছাড়ার ইঙ্গিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটোর সমর্থন না পাওয়ায় সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন বলে জানিয়েছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন, যা বুধবার প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র একবার জোট থেকে বেরিয়ে গেলে ইরান যুদ্ধ শেষে পুনরায় যোগদানের প্রশ্নই আসে না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-এর ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরুর পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। এর পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেয় ইরান। পরিস্থিতি মোকাবিলায় মিত্রদেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান ট্রাম্প, তবে ইউরোপীয় দেশগুলো তা প্রত্যাখ্যান করে।

এ প্রেক্ষাপটে ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে দেখছে না যুক্তরাষ্ট্র—ট্রাম্পের বক্তব্যে এমন ইঙ্গিতই পাওয়া গেছে। ন্যাটোর সদস্যপদ পুনর্বিবেচনার বিষয়ে তিনি বলেন, ‘এটি পুনর্বিবেচনার ঊর্ধ্বে।’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-ও ন্যাটোর দুর্বলতা সম্পর্কে অবগত।

সূত্র: দ্য টেলিগ্রাফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *