রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়নি দাবি নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা বড় অর্জন করেছি, কিন্তু এই অভিযান এখনো শেষ হয়নি।’

নেতানিয়াহু এক মানচিত্র দেখিয়ে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের ইঙ্গিত করে বলেন, ‘তারা আমাদের শ্বাসরোধ করতে চেয়েছিল, আমরা এখন তাদেরই শ্বাসরোধ করছি। আমরা আঘাত হেনেছি এবং আরও কিছু করা বাকি আছে।

এদিকে, যুদ্ধবিরতির সম্ভাবনা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে বৈঠকে বসেছেন। তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।

লেবাননের সঙ্গেও সরাসরি শান্তি আলোচনার ইঙ্গিত দেন নেতানিয়াহু। তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন একাধিকবার আলোচনার প্রস্তাব দিয়েছে।

তবে তিনি শর্ত দেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে এবং যেকোনো চুক্তি হতে হবে দীর্ঘস্থায়ী ও কার্যকর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। 

যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রেক্ষাপটে, ইরানের সঙ্গে চলমান সংঘাত যুদ্ধবিরতি প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলছে—এমন আশঙ্কার মধ্যেই লেবাননের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পরই পদক্ষেপ নেওয়া হয় বলে জানান নেতানিয়াহু।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহুর দাবি, ‘ইরানি সরকার এখন যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতৃত্বের মধ্যে বিভক্তি রয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্রের মজুত ক্রমেই কমে আসছে।’ 

তিনি আরো বলেন, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানি সরকারকে সবচেয়ে দুর্বল অবস্থায় নামিয়ে আনার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানোর কথাও উল্লেখ করেন তিনি, যার মধ্যে রয়েছে ইস্পাত শিল্প, গ্যাস উৎপাদন, জ্বালানি, সেতু এবং রেলপথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *