শনিবার, ২ মে ২০২৬

সবশেষ

উত্তরায় বাবার কাছ থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর উদ্ধার

রাজধানীর উত্তরা এলাকায় দিনদুপুরে বাবার সামনে থেকে অপহৃত হওয়া দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অবশেষে ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে গাজীপুরের পুবাইল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। একই অভিযানে লামীন ইসলাম নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ এপ্রিল দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। পরীক্ষার পর বাবার সঙ্গে বাসায় ফেরার পথে হঠাৎ এক কিশোর এসে শিক্ষার্থীকে জোর করে টেনে নেওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে বাবার সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। কিছুক্ষণ পর আরেকজন যোগ দিয়ে তাকে মারধর করে এবং শেষ পর্যন্ত শিক্ষার্থীকে একটি প্রাইভেটকারে তুলে দ্রুত সরে পড়ে তারা।

ঘটনার পরপরই ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকেই অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানিয়েছেন, প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া শিক্ষার্থী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *