শনিবার, ২ মে ২০২৬

সবশেষ

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি, বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা ইরানের

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন নিরাপত্তা কাঠামো ঘোষণা করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ উপকূলজুড়ে নৌ চলাচল নিয়ন্ত্রণে কঠোর নিয়ম চালু করা হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, আরব উপসাগর থেকে স্ট্রেইট অব হরমুজ পর্যন্ত প্রায় ২ হাজার কিলোমিটার জলসীমা জুড়ে একটি বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বলয়ের মাধ্যমে ওই অঞ্চলে নৌ চলাচল এবং সামুদ্রিক কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য শুধু নিরাপত্তা জোরদার নয়; বরং সংশ্লিষ্ট জলসীমাকে ইরানের জন্য শক্তি ও গর্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা। একই সঙ্গে এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এর আগে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এক বক্তব্যে সতর্কবার্তা দেন। তিনি ইঙ্গিত করেন, আরব উপসাগর ঘিরে যেসব বিদেশি শক্তি পরিকল্পনা করছে, তাদের জন্য এ অঞ্চলে কোনো স্থান নেই, এমনকি তাদের পরিণতি সমুদ্রের তলদেশ পর্যন্ত গড়াতে পারে বলেও কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *