শনিবার, ২ মে ২০২৬

সবশেষ

বৃষ্টির মরদেহ কীভাবে খুঁজে পেল ফ্লোরিডা পুলিশ?

ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর রহস্যজনক ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রায় দুই সপ্তাহ নিখোঁজ থাকার পর শেষ পর্যন্ত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে এর পেছনের প্রক্রিয়াটি ছিল জটিল ও সময়সাপেক্ষ।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের হিলসবরো কাউন্টি শেরিফস অফিস জানায়, গত ১৬ এপ্রিল টাম্পা বে এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই শিক্ষার্থী নিখোঁজ হন। একই দিনে নিখোঁজ হন আরেক বাংলাদেশি গবেষক জামিল আহমেদ লিমনও।

ঘটনার প্রায় এক সপ্তাহ পর হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে একটি কালো পলিথিনে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, পলিথিনটি এমনভাবে ফেলে রাখা হয়েছিল যেন সেটি সাধারণ আবর্জনা।

লিমনের মরদেহ উদ্ধারের দিনই সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় তার রুমমেট হিশাম আবুঘরবেহকে। তবে তখনও বৃষ্টির কোনো সন্ধান মেলেনি। যদিও তদন্তে আবুঘরবেহর গাড়িতে বৃষ্টির রক্তের উপস্থিতি পাওয়া যায়, তবু তার মরদেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরিস্থিতির মোড় ঘুরে ২৬ এপ্রিল, যখন ব্রিজের কাছাকাছি ম্যানগ্রোভ এলাকায় মাছ ধরতে গিয়ে কয়েকজন একটি সন্দেহজনক কালো পলিথিন দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ভেতর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। তবে সেগুলোর অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রথমে লিঙ্গ বা পরিচয় নির্ধারণ করা সম্ভব হয়নি।

পরে তদন্তকারীরা পোশাকের সূত্র ধরে অগ্রগতি অর্জন করেন। আদালতে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়, উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে থাকা পোশাক সিসিটিভি ফুটেজে নিখোঁজ হওয়ার আগে বৃষ্টির পরনে থাকা পোশাকের সঙ্গে মিলে যায়।

অবশেষে ডিএনএ পরীক্ষা ও ডেন্টাল রেকর্ড যাচাই শেষে ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়, উদ্ধার হওয়া মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির। শেরিফ জানান, মরদেহের অবস্থা খারাপ হওয়ায় শনাক্তে সময় লেগেছে।

এদিকে, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ২৬ বছর বয়সী অভিযুক্ত আবুঘরবেহ বর্তমানে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। আদালত ইতোমধ্যে তাকে জামিন দিতে অস্বীকৃতি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *