ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের কভারেজে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে সিএনএন ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে কঠোর ভাষায় সমালোচনা করেন তিনি।
বৃহস্পতিবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, সিএনএন ‘নির্বোধের মতো’ সংবাদ পরিবেশন করছে এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন তার দৃষ্টিতে ‘রাষ্ট্রদ্রোহিতার কাছাকাছি’। ওই অনুষ্ঠানে তিনি মূলত কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বাড়ানোর একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে উপস্থিত ছিলেন।
সংবাদমাধ্যমের সমালোচনার পাশাপাশি নিজের অবস্থানও জোরালোভাবে তুলে ধরেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানকে সামরিকভাবে কার্যত ধ্বংস করে দিয়েছে। তার ভাষায়, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হলেও কিছু গণমাধ্যম এমন ধারণা দিচ্ছে যেন ইরানই যুদ্ধে এগিয়ে আছে।
ট্রাম্প আরও বলেন, তিনি নিয়মিত এসব সংবাদমাধ্যম পর্যবেক্ষণ করেন, বিশেষ করে সিএনএন। কারণ ‘প্রতিপক্ষের অবস্থান বোঝার জন্য’ সেটি প্রয়োজন। তবে তার অভিযোগ, এসব প্রতিবেদনের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
অন্যদিকে, দ্য নিউইয়র্ক টাইমসের একটি সম্পাদকীয়তে ভিন্ন চিত্র তুলে ধরা হয়। সেখানে বলা হয়, যুদ্ধে কিছু সীমিত সাফল্য পেলেও তা বড় কোনো কৌশলগত বিজয়ে রূপ নিচ্ছে না, বরং যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।








