শনিবার, ২ মে ২০২৬

সবশেষ

মার্কিন ভিজিট ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিলো ঢাকার দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিজিট ভিসার অপব্যবহার রোধে আবারও কঠোর বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসার নিয়ম ভেঙে কাজ করার চেষ্টা এবং উদ্দেশ্য গোপন করে ভ্রমণের প্রবণতা নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, বি১ এবং বি২ ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে সীমিত কিছু ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারেন। যেমন বৈঠক, চুক্তি আলোচনা বা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। তবে এই ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো ধরনের চাকরি করা বা পারিশ্রমিক গ্রহণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

দূতাবাস আরও স্পষ্ট করে জানায়, ভিজিট ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার অধীনে কাজ শুরু করার সুযোগ নেই। এমন কোনো কার্যকলাপ ধরা পড়লে তা ভিসা শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

এর আগেও, একই ধরনের সতর্কবার্তায় বলা হয়েছিল, শুধুমাত্র সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার মতো উদ্দেশ্য নিয়ে ভিসা আবেদন করা গ্রহণযোগ্য নয়। কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন আবেদনকারীর মূল উদ্দেশ্য এ ধরনের কর্মকাণ্ড, তাহলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।

দূতাবাসের এই নতুন বার্তায় মূলত ভিসা ব্যবহারের সঠিক নিয়ম মেনে চলার ওপর আবারও জোর দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অপব্যবহার বা আইনভঙ্গের ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *