দেশে হাম সংক্রমণ পরিস্থিতি দিন দিন গুরুতর হয়ে উঠছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে, যা সাম্প্রতিক সময়ে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা হিসেবে ধরা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের সর্বশেষ প্রতিবেদনে জানা যায়, নতুন করে মারা যাওয়া ১৭ শিশুর মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে, আর দুই শিশুর ক্ষেত্রে হামজনিত মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ফলে গত ৫০ দিনে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে ২৫৯ শিশু উপসর্গ নিয়ে এবং ৫২ জন সরাসরি হাম আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেদন অনুযায়ী, এই হিসাব ধরা হয়েছে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে। যদিও নতুন করে জানানো ১৫টি উপসর্গজনিত মৃত্যুর মধ্যে দুটি ঘটনা আগের দিনের।
নতুন মৃত্যুর ভৌগোলিক চিত্রে দেখা যায়, ১৭ শিশুর মধ্যে ১২ জন ঢাকা বিভাগের এবং ৫ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
এদিকে, একই সময়ে সারাদেশে ১ হাজার ৩০২ শিশুর মধ্যে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬১৮ জন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯২, রাজশাহী বিভাগে ১৬৮ এবং বরিশাল বিভাগে ১৩৩ জন আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে মোট ১ হাজার ২৬ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ৬১ জন শিশু হাসপাতাল ছেড়েও গেছে।








