সোমবার, ৪ মে ২০২৬

সবশেষ

আগের পোশাকে ফিরছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের পুলিশ বাহিনীর পোশাকে আবারও পরিবর্তন আসছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগের মতো নেভি ব্লু রঙের শার্ট বহাল রাখা হবে, তবে প্যান্ট হবে খাকি রঙের। বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান ইউনিফর্মটি পুলিশ সদস্যদের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয়নি। মাঠপর্যায়ে এর প্রতি অসন্তোষ ছিল। সেই বিবেচনায় বাহিনীর পক্ষ থেকে পরিবর্তনের প্রস্তাব আসার পর সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে।

মন্ত্রী জানান, নতুন করে পুরোপুরি ভিন্ন পোশাক না এনে একটি ঐতিহ্যবাহী ও পরিচিত ধাঁচে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আগের নেভি ব্লু শার্ট রাখা হলেও নিচের অংশে খাকি প্যান্ট যুক্ত করা হয়েছে।

তবে এই নতুন ইউনিফর্ম কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। কাপড় প্রস্তুত, সেলাই ও সরবরাহ, সব মিলিয়ে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এর আগে পুলিশ প্রশাসন পাঁচ ধরনের ইউনিফর্মের প্রস্তাব উপস্থাপন করেছিল। এর মধ্যে ছিল খাকি-খাকি, খাকি-নেভি, পুরো নেভি ব্লু, আয়রন রঙের পোশাক এবং আকাশি-নেভি কম্বিনেশন। শেষ পর্যন্ত নেভি ব্লু শার্ট ও খাকি প্যান্টের সমন্বয়কেই চূড়ান্ত করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশে সাম্প্রতিক বদলি, পদোন্নতি বা বাধ্যতামূলক অবসর, এসব নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। এগুলো আইন অনুযায়ী এবং অভ্যন্তরীণ যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই করা হচ্ছে।

তিনি জানান, আদালত থেকে জামিনে মুক্ত হওয়া অপরাধীদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ১ মে থেকে সারা দেশে মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে পুলিশ, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে।

মন্ত্রী বলেন, বড় মাদক সিন্ডিকেট ও সীমান্তপথে চোরাচালানকারীদের টার্গেট করে এই অভিযান পরিচালিত হচ্ছে। মাদক দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতেই এগোচ্ছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *