নেত্রকোণার মদন উপজেলায় আলোচিত শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ মে) ভোররাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে র্যাব-১৪ তাকে আটক করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর সোয়া ৪টার দিকে র্যাব-১৪ (ময়মনসিংহ) এর একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটক ব্যক্তিকে দুপুরের মধ্যে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, আসামিকে থানায় বুঝে পাওয়ার পর দ্রুত আদালতে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে আজই আদালতে পাঠানো হতে পারে, নচেৎ আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, বহুল আলোচিত এই ঘটনার প্রধান আসামিকে গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুর ১২টায় র্যাব-১৪ এর অধিনায়ক আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








