একদিনের ব্যবধানে ফের ঊর্ধ্বমুখী হলো দেশের স্বর্ণবাজার। আগের দিন দাম কমানোর পরই নতুন করে মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলা বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ মানের সোনার ক্ষেত্রে ভরিতে বেড়েছে ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত।
বুধবার (৬ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নতুন দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। সর্বশেষ নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি সোনা এখন ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের দিন ছিল ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও, যার কারণে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ক্ষেত্রে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায়।
সোনার পাশাপাশি রুপার বাজারেও এসেছে পরিবর্তন। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হবে।
বিশ্ববাজারের অস্থিরতাও এই দামের ওঠানামার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন এসেছে। গোল্ডপ্রাইজ ডট ওআরজির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৬৫০ ডলারে নেমেছে, যদিও এর আগে তা ৫ হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল।








