বুধবার, ৬ মে ২০২৬

ইরানকে সাদা পতাকা ওড়ানোর পরামর্শ ট্রাম্পের, বললেন, ‘তারা খেলছে’

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দেশটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, ইরানের উচিত ‘সাদা পতাকা’ ওড়িয়ে পরিস্থিতি মেনে নেওয়া, যদিও মর্যাদার প্রশ্নে তারা এখনো সে পথে হাঁটছে না।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের সামরিক শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং কার্যত তারা তেমন সক্ষমতা দেখাতে পারছে না।

একই সঙ্গে ট্রাম্পের অভিযোগ, বাইরে থেকে কঠোর অবস্থান দেখালেও ভেতরে ভেতরে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী তেহরান। তার মতে, বাস্তবতায় দুর্বল হয়ে পড়লে যেকোনো পক্ষই শেষ পর্যন্ত আলোচনার পথ খোঁজে।

এ সময় ইরানি বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের কার্যকারিতা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, এই অবরোধ অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে এবং সহজে তা ভাঙা সম্ভব নয়।

যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি কীভাবে নির্ধারিত হবে, এ প্রশ্নে সরাসরি ব্যাখ্যা না দিলেও ট্রাম্প ইঙ্গিত দেন, সময় এলে যুক্তরাষ্ট্রই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে এবং ইরানও জানে কোন সীমা অতিক্রম করা উচিত নয়।

সবশেষে ইরানের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি আবারও আত্মসমর্পণের প্রসঙ্গ তোলেন এবং বলেন, এটি যদি সাধারণ সংঘাত হতো, তাহলে অনেক আগেই পরিস্থিতি থেমে যেত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *