বুধবার, ৬ মে ২০২৬

এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে অবশেষে শপথ নিয়েছেন জামায়াত জোট সমর্থিত প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। বুধবার (৬ মে) দুপুরের দিকে হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। শপথ শেষে প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে জটিলতায় পড়তে হয়েছিল নুসরাতকে। নির্ধারিত সময় শেষ হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়ন গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে মনোনয়ন বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ৩ মে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নবনির্বাচিত সদস্য শপথ নেন। ওইদিন রাতে একই স্পিকার তাদের শপথবাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন সদস্য শপথ নিয়েছেন।

মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে জামায়াত জোট পেয়েছে ১৩টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *