ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মধ্যমগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) চন্দ্রনাথ রথ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়িচালক বুদ্ধদেব বেরা। বুধবার (৬ মে) রাতের এই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতের দিকে চন্দ্রনাথ রথ গাড়িতে করে যাওয়ার সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাদের গাড়ির পিছু নেয়। পরে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছালে হামলাকারীরা গাড়িটিকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চন্দ্রনাথ ও চালক বুদ্ধদেব বেরা।
গুলির শব্দে আশপাশের মানুষ ছুটে এলে দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় বুদ্ধদেব বেরাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতার বাইপাস এলাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানা গেছে।
বিজেপির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নির্বাচনী কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন চন্দ্রনাথ রথ। গুলিবিদ্ধ চালক বুদ্ধদেব বেরাও সেই টিমের সক্রিয় সদস্য ছিলেন।
এদিকে সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি বড় ধরনের সাফল্য অর্জন করেছে। শুভেন্দু অধিকারী এবার দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয়টিতেই জয় পান। ভবানীপুরে তিনি মমতা ব্যানার্জীকে পরাজিত করেন এবং নন্দীগ্রাম আসনেও টানা তৃতীয়বারের মতো বিজয়ী হন।








