বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

সরকার গঠনে বাধার মুখে বিজয় থালাপতি!

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় জয় পেলেও সরকার গঠনের পথে এখনো অনিশ্চয়তা কাটেনি অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির দল টিভিকে’র। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়ায় রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে একাধিক দফা আলোচনায় যেতে হয়েছে দলটির প্রধানকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার সরকার গঠনের দাবি জানালেও তাৎক্ষণিকভাবে টিভিকে’র আবেদন গ্রহণ করেননি রাজ্যপাল। পরে বৃহস্পতিবার (৭ মে) সকালে আবারও বিজয়কে রাজভবনে ডাকা হয়, যাতে তিনি সংখ্যাগরিষ্ঠতার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারেন।

সূত্র জানিয়েছে, রাজ্যপাল বিজয়ের কাছে জানতে চান বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ সদস্যের সমর্থন ছাড়াই কীভাবে তিনি প্রশাসন পরিচালনার পরিকল্পনা করছেন। বর্তমানে টিভিকে’র হাতে রয়েছে ১০৮টি আসন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা এখনও ১০ আসন পিছিয়ে।

এ সময় সম্ভাব্য মিত্র দল ও ভবিষ্যৎ সমর্থন নিয়েও প্রশ্ন করা হয় বিজয়কে। জবাবে তিনি জানান, প্রয়োজনে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে তার দল প্রস্তুত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকার গঠনের আবেদন চূড়ান্তভাবে নাকচ হলে আইনি পথেও যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখেছে টিভিকে।

রাজনৈতিক সূত্রগুলোর দাবি, কংগ্রেস ইতোমধ্যে শর্তসাপেক্ষে টিভিকে’কে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। তবে তাদের শর্ত হলো, বিজয়ের দল যেন বিজেপির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা না করে। কংগ্রেসের সমর্থনে সংখ্যার ঘাটতির একটি অংশ পূরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া কয়েকটি ছোট আঞ্চলিক দল এবং নির্দলীয় সদস্যদের সমর্থন পাওয়ার চেষ্টাও চালাচ্ছে টিভিকে। তবে শেষ পর্যন্ত কারা আনুষ্ঠানিকভাবে বিজয়ের পাশে দাঁড়াবে, তা এখনো স্পষ্ট নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিস্থিতি বিবেচনায় বিজয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *