বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। নিহত এক শিক্ষার্থীর বাবার করা এ আবেদনে অবহেলা ও দায়িত্বে গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে আবেদনটি করেন দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করলেও তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানানো হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে ড. ইউনূস ছাড়াও সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, তৎকালীন প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের এবং বর্তমান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, গত বছরের ২১ জুলাই আসামিদের তত্ত্বাবধানে থাকা একটি ত্রুটিপূর্ণ এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের অনুমতি পায়। পরে সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হলে ২৮ শিক্ষার্থীসহ মোট ৩৫ জন নিহত হন। এ ঘটনায় আরও ১৭২ জন দগ্ধ হয়ে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হন বলে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারী দাবি করেন, তৎকালীন সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর দায়িত্বে ছিলেন। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের আশ্বাস দিলেও বাস্তবায়নে ব্যর্থ হন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া অন্য উপদেষ্টাদের বিরুদ্ধে উদ্ধার কার্যক্রম ও আহতদের চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগ তোলা হয়েছে। বিমানবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ঘনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ বিমান চালানোর অনুমতি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি বহির্গমন পথ ছাড়াই শিক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে রাজউক ও শিক্ষা প্রশাসনের বিরুদ্ধে অনুপযুক্ত ভবনে প্রতিষ্ঠান চালানোর অনুমতি দেওয়ার বিষয়টিও মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *