বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, ঢাকায় ৬ শিশু

দেশে শিশুদের মধ্যে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিহতদের মধ্যে একজনের শরীরে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল, আর বাকি ১১ জনের ক্ষেত্রে ছিল হামের উপসর্গ।

বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

মৃত্যুর বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, হাম শনাক্ত হওয়া শিশুটির মৃত্যু হয়েছে ঢাকায়। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় ৫ জন, বরিশালে ১ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহীতে ২ জন এবং সিলেটে ১ জন রয়েছে।

এর আগে, গত ৪ মে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর, যা চলমান পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ২৭৯ শিশু। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৫৭ শিশুর।

এদিকে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৪৫ হাজার ৪৯৮ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩১ হাজার ৯১২ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৩৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, একই সময়ের মধ্যে পরীক্ষায় ৬ হাজার ২০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *