বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর ঘিরে ওঠা ফিক্সিং বিতর্কে তদন্ত শেষ করে অবশেষে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ তদন্ত শেষে ক্রিকেটার, টিম ম্যানেজার ও ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টসহ মোট চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিপিএল টি-টোয়েন্টির ১২তম আসরকে কেন্দ্র করে বিসিবির ইনটেগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) প্রায় ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তৈরি করেছে। সেখানে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তদন্তে উঠে এসেছে বেটিং বা জুয়ার সঙ্গে সম্পৃক্ততা, দুর্নীতির প্রস্তাব, তদন্তে সহযোগিতা না করা এবং তথ্য গোপন বা মুছে ফেলার মতো অভিযোগ।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার। তার বিরুদ্ধে ক্রিকেট ম্যাচের ফলাফল বা ম্যাচসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাজি ধরা কিংবা বাজিতে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া টিম ম্যানেজার মো. লাবলুর রহমানের বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করা এবং তথ্যপ্রমাণ গোপন বা ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। একই ধরনের অভিযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধেও।
আরেক টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধে ম্যাচের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বেটিং কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
বিসিবি জানিয়েছে, অভিযুক্ত চারজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নোটিশ পাওয়ার পর থেকে তাদের ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বোর্ড।
এর আগে, বিপিএলের সর্বশেষ নিলামে জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন পরিচিত ক্রিকেটার, যাদের মধ্যে এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের নামও ছিল, ফিক্সিং সন্দেহের কারণে অংশ নিতে পারেননি বলে আলোচনা ছিল।
অন্যদিকে, বিপিএলের ৯ম, ১০ম ও ১১তম আসরে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সামিনুর রহমানের বিরুদ্ধে ‘বিসিবি এক্সক্লুডেড পারসন পলিসি’র আওতায় বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। তদন্তে তার বিরুদ্ধে জুয়া-সংক্রান্ত কার্যক্রম, খেলোয়াড়দের দুর্নীতির প্রস্তাব দেওয়া এবং দেশি-বিদেশি বেটিং সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার কথা জানানো হয়েছে।
বিসিবি আরও জানিয়েছে, নোটিশ পাওয়ার পর সামিনুর রহমান আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে বহিষ্কারাদেশ মেনে নিয়েছেন।








