আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে প্রাথমিক ধাপে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১০ মে) বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম প্রকাশ করেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি জানান, প্রথম ধাপে দলটি ১০০ জন প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে মনোনীত করেছে। তার ভাষায়, “আমরা প্রাথমিকভাবে ১০০ জন এনসিপি-সমর্থিত প্রার্থী ঘোষণা করছি, যারা উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”
সারজিস আলম আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে এক হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই শেষে এই প্রথম ধাপের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
তিনি জানান, প্রার্থী ঘোষণার প্রক্রিয়া এখানেই শেষ হচ্ছে না। পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদের আগেই চলতি মাসের ২০ তারিখের মধ্যে দ্বিতীয় ধাপে আরও ১০০ জনের নাম ঘোষণা করা হবে। ভবিষ্যতেও ধাপে ধাপে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রার্থিতা প্রসঙ্গে সারজিস আলম বলেন, সারাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তি, এমনকি অন্যান্য রাজনৈতিক দলের যোগ্য ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, যারা জনগণের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায়, জুলুম বা অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, কিংবা অতীতে কোনো ‘ফ্যাসিস্ট’ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না, এমন ব্যক্তিরাই এনসিপির মনোনয়ন পাওয়ার যোগ্য হবেন।
তার মতে, আবেদনকারীদের রাজনৈতিক পরিচয় বড় বিষয় নয়; বরং তাদের গ্রহণযোগ্যতা, জনসম্পৃক্ততা এবং স্বচ্ছ অতীত বিবেচনা করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য রাজনৈতিক দল থেকে যোগ্য প্রার্থীরা আগ্রহী হলে তাদেরও এনসিপির প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হবে বলে জানান তিনি।








