মঙ্গলবার, ১২ মে ২০২৬

সবশেষ

নারায়ণগঞ্জে গোলাপি ‘ডোনাল্ড ট্রাম্পকে’ দেখতে মানুষের ভিড়!

কোরবানির ঈদ সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা ব্যতিক্রমী এক গোলাপি মহিষ এখন স্থানীয়দের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এলবিনো জাতের প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

নগরীর পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, বিভিন্ন জাতের গরু-মহিষ ও ছাগলের ভিড়ের মাঝেও আলাদা করে নজর কাড়ছে গোলাপি রঙের এই মহিষটি। সাড়ে তিন বছর বয়সী প্রাণীটির মাথার সামনের বড় চুল আর ভিন্নধর্মী গড়নের কারণে খামারিরা এর নাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে।

খামার কর্তৃপক্ষ জানায়, গত বছরের কোরবানির ঈদের কিছুদিন পর রাজশাহীর একটি পশুর হাট থেকে মহিষটি সংগ্রহ করা হয়। এরপর থেকে বিশেষ যত্নে লালন-পালন করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকায় এটি বিক্রি হয়েছে। ঈদের আগে ক্রেতা মহিষটি নিয়ে যাবেন।

রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, মহিষটির চুলের ধরন অনেকটা ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো হওয়ায় এমন নাম রাখা হয়েছে। তিনি জানান, এলবিনো জাতের প্রাণীগুলো সাধারণত শান্ত স্বভাবের হয় এবং উত্যক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না।

মহিষটিকে ঘিরে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। স্থানীয় বাসিন্দা মিলন মিয়া বলেন, শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’কে একনজর দেখতে দূরদূরান্ত থেকেও মানুষ আসছে। দর্শনার্থী সুলতানা আক্তারের ভাষায়, গোলাপি রঙ আর মাথার চুলের কারণে মহিষটি অন্য সবার থেকে আলাদা।

খামারের পরিচর্যাকারী কাউসার মিয়া জানান, মহিষটির জন্য আলাদা খাদ্যতালিকা ও পরিচর্যার ব্যবস্থা রাখা হয়েছে। নিয়মিত ভুট্টা, সয়াবিন, খইল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস খাওয়ানো হয়। পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত পর্যবেক্ষণও করা হচ্ছে।

খামার সূত্রে জানা গেছে, এবারের ঈদকে সামনে রেখে তাদের খামারে প্রায় ২০০টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। তবে সবকিছুর আড়ালে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে এই গোলাপি মহিষটি।

এদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় প্রস্তুত পশুর সংখ্যা বেশি রয়েছে। তিনি জানান, গোলাপি রঙের এলবিনো মহিষটির বিষয়ে তারা অবগত আছেন এবং বিষয়টি স্থানীয়ভাবে বেশ আলোচনায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *