পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জনের বেশি। নিহতদের মধ্যে দুইজন ট্রাফিক পুলিশ সদস্যও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১২ মে) লাক্কি মারওয়াত জেলার সরাই নৌরং এলাকার নৌরং বাজারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জিও নিউজ পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, বাজার এলাকায় একটি রিকশার কাছাকাছি বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নৌরং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত সাতজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরাই নৌরং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।








