মঙ্গলবার, ১২ মে ২০২৬

সবশেষ

ধর্মীয়স্থান ও স্কুলের কাছের ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন থালাপতি বিজয়। ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এসব স্পর্শকাতর স্থানের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান পরিচালনা করা যাবে না। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট দোকানগুলো বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

তামিলনাড়ুর সরকারি মদ বিক্রয় সংস্থা তাসমাক রাজ্যজুড়ে এসব দোকান পরিচালনা করে। প্রতিষ্ঠানটির অধীনে বর্তমানে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থাপনার কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের নিকটে অবস্থিত।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক পরিবেশ বিবেচনায় এসব এলাকায় মদের দোকান রাখা হবে না।

তামিলনাড়ু সরকার মদ বিক্রি থেকে ২০২৫ সালে প্রায় ৪৮ হাজার কোটি টাকা আয় করলেও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনের আগে থালাপতি বিজয় তামিলনাড়ুকে ‘মাদকাসক্তিমুক্ত’ করার অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ উদ্যোগ দেখা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পায় বিজয়ের দল টিভিকে। পরে কয়েকটি দলের সঙ্গে জোট গঠন করে গত রোববার সরকার গঠন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *