পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় নারী যাত্রীদের জন্য আলাদা কামরার বিধান রয়েছে। সেখানে বলা হয়েছে, ৫০ মাইলের বেশি দূরত্বে চলাচলকারী ট্রেনে ওই কামরার সঙ্গে শৌচাগারের ব্যবস্থাও থাকতে হবে। এছাড়া আইনটির ১১৯ ধারায় অনুমতি ছাড়া সেই কামরায় প্রবেশ করলে জরিমানার বিধানও উল্লেখ রয়েছে।
তবে দীর্ঘদিন ধরে এই বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন একটি রিট দায়ের করেন। পরে গত ১০ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়, আইনের বিধান অনুযায়ী কেন প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা নিশ্চিত করা হবে না।
আইনজীবী মো. আজমল হোসেন খোকন জানান, মূল রুলটি এখনও বিচারাধীন রয়েছে। তবে ঈদযাত্রায় নারী যাত্রীদের ভোগান্তি কমাতে সম্পূরক আবেদন করা হলে আদালত অন্তর্বর্তী এই নির্দেশনা দেন।








