বুধবার, ১৩ মে ২০২৬

সবশেষ

এসএসসি ১০ বছরেই শেষ করার পরিকল্পনা সরকারের

শিক্ষাজীবনে সেশনজট কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের এসএসসি সম্পন্ন করাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে একজন শিক্ষার্থী যেন ১০ বছরের বেশি সময় নিয়ে এসএসসি শেষ না করে, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৩ মে) রাজধানীতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকার কোনো ধরনের কার্পণ্য করছে না। বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সেশনজট এড়াতে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে আজই বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষাজীবন শেষ করার সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে। একই সঙ্গে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন বলেন, ওমেরার সঙ্গে চুক্তির ফলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমে আসবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করেই কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠানটি।

তিনি জানান, ৬০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম এই সোলার প্রকল্প ভবিষ্যতে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুসরণযোগ্য মডেল হতে পারে। এতে শিক্ষার্থীরাও সরাসরি উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *