বুধবার, ১৩ মে ২০২৬

সবশেষ

মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং জেলায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) ভোরে জালান কাপার বাতু ৫ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় তিনি রাস্তার পাশের গভীর ড্রেনে ছিটকে পড়েন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ জানায়, বন্দর ক্লাংয়ের দিকে যাওয়ার সময় একটি কালো রঙের স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ওই বাংলাদেশিকে সজোরে ধাক্কা দেয়। এতে তার পেটে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর গাড়িচালক ঘটনাস্থলে না থেমে পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক চালক ও ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

উত্তর ক্লাং জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এস বিজয়া রাও এক বিবৃতিতে জানান, সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী মামলার তদন্ত চলছে। দুর্ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

এদিকে ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনাল ডিরেক্টর আহমেদ মুখলিস মোখতার জানান, ভোর ৩টা ২৩ মিনিটে জরুরি কল পাওয়ার পর উত্তর ক্লাং ফায়ার স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়।

ঘটনার পর পুলিশ সড়কে আরও সতর্কভাবে যানবাহন চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *