বুধবার, ১৩ মে ২০২৬

দাম বাড়ল কোরবানির পশুর চামড়ার, প্রতি বর্গফুট কত?

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে খাসির চামড়ার দামও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সরকার নির্ধারিত নতুন দামে, ঢাকার মধ্যে লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকায় বিক্রি হবে। গত বছর এ দাম ছিল যথাক্রমে ৬০ থেকে ৬৫ টাকা এবং ৫৫ থেকে ৬০ টাকা।

এদিকে, সারা দেশে খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা। আর বকরির চামড়ার দাম ধরা হয়েছে ২২ থেকে ২৫ টাকা। গত বছর খাসির চামড়া ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকায় নির্ধারিত ছিল।

প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে প্রতি বছর প্রায় এক কোটি পশু কোরবানি হয় এবং এসব পশুর চামড়া স্থানীয় শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। প্রয়োজনে সীমিত সময়ের জন্য ওয়েটব্লু চামড়া রফতানির সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে জানান তিনি। তবে এ বিষয়ে পরবর্তীতে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

চামড়া সংরক্ষণ নিয়ে সরকার এবার বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে লবণ সরবরাহ করা হবে, যাতে কোরবানির চামড়া নষ্ট না হয়। পাশাপাশি মাংস ব্যবসায়ী ও মাদ্রাসা সংশ্লিষ্টদের চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সরকারি এই কার্যক্রম বাস্তবায়নে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে বলেও জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি আরও বলেন, চামড়া পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *