লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে এক বাংলাদেশি যুবকের মৃত্যুকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে বিএসএফ এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মো. খাদেমুল উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের কাঁটাতারের কাছাকাছি গেলে ভারতের পাগলীমারি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুরুতে বিএসএফ বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে তারা গুলির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ নাকচ করে। বিএসএফ দাবি করেছে, ওই রাতে তাদের কোনো সদস্য অস্ত্র ব্যবহার করেননি। এমনকি অস্ত্র পরীক্ষা করেও গুলি ছোড়ার কোনো আলামত পাওয়া যায়নি।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।








