শনিবার, ১৬ মে ২০২৬

সবশেষ

দক্ষিণের ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ, উত্তরে ঝরছে বৃষ্টি

জ্যৈষ্ঠের শুরুতেই দেশের আবহাওয়ায় দেখা দিয়েছে বৈপরীত্য। একদিকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টি ও কালবৈশাখীর প্রভাব দেখা যাচ্ছে, অন্যদিকে দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।

শনিবার (১৬ মে) সকালে প্রকাশিত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের সব জেলাসহ মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুরে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং আজও তা থাকতে পারে।

গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের অন্য জেলাগুলোতেও তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হওয়ায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস মিলছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে।

উত্তরাঞ্চলে এরই মধ্যে বৃষ্টির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। এছাড়া রংপুরে ৫১ মিলিমিটার, নরসিংদীতে ৪৬, কুমিল্লায় ২৯, ময়মনসিংহ ও সিলেটে ২৭ এবং কিশোরগঞ্জের নিকলীতে ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি হতে পারে।

বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *