নতুন করে বাংলাদেশি চালক নিয়োগে আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। চলতি বছরের মধ্যেই বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে চায় প্রতিষ্ঠানটি।
রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান কোম্পানিটির প্রতিনিধিরা।
প্রতিনিধিদল জানায়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। কর্মদক্ষতা ও পরিশ্রমের কারণে বাংলাদেশিদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয় বলেও উল্লেখ করেন তারা।
তাদের ভাষ্য, দুবাই এয়ারপোর্টে বাংলাদেশি নারীরাও সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন, যা নতুন কর্মীদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
প্রতিনিধিরা আরও জানান, সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক বাছাই কার্যক্রম শুরু হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রথম ধাপে ১ হাজার ৫০০ জন চালক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া দেশের জন্য ইতিবাচক। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই নিয়োগ কার্যক্রম চলমান থাকবে।
এ সময় দুবাইয়ে পৌঁছানোর পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করার জন্য কোম্পানির প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি চালকদের বাইরে বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ দক্ষ পেশাজীবী নিয়োগের দিকেও গুরুত্ব দেওয়ার অনুরোধ করেন।
অন্যদিকে, প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, একজন চালকের দুবাই যেতে বর্তমানে অনেক অর্থ ব্যয় হয়। বেশিরভাগ কর্মী দরিদ্র পরিবার থেকে আসেন এবং ঋণ বা ধার করে বিদেশে যাওয়ার খরচ জোগাড় করেন।
এ কারণে অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।








