ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা বাড়ছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই জার্মানিতে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী একাধিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।
ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন মার্কিন কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে, ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক প্রস্তুতির অংশ হিসেবেই এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে।
এদিকে ইরানকে নিয়ে আবারও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এমন একটি ছবি শেয়ার করেন, যেখানে ইরানের মানচিত্রকে চারদিক থেকে তীরচিহ্ন দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং তার ওপর যুক্তরাষ্ট্রের পতাকা স্থাপন করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ছবিটি সামরিক চাপ বা ঘেরাও কৌশলের প্রতীকী বার্তা বহন করছে।
অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (কেএএন) জানিয়েছে, ইরানকে ঘিরে নতুন সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
রোববারই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই আলোচনায় ইরান পরিস্থিতি, সম্ভাব্য যুদ্ধঝুঁকি এবং ট্রাম্পের সাম্প্রতিক চীন সফর নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে তেল আবিবে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে যেকোনো হামলার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগাম তথ্য পাওয়ার প্রত্যাশা করছে ইসরায়েল, যদিও সম্ভাব্য হামলার সময় বা ধরন সম্পর্কে এখনো নিশ্চিত নয় তারা।








