বুধবার, ২০ মে ২০২৬

সবশেষ

শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী

পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও বর্তমান সরকার বাস্তবায়নের পরিকল্পনায় নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন টেকসই রাখতে এসব বড় প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে তিস্তা ব্যারাজ প্রকল্পও এগিয়ে নেওয়ার বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, এসব উদ্যোগ নিয়ে অনেকেই নানা মন্তব্য করলেও সরকার তার অঙ্গীকার থেকে সরে আসবে না।

ভূগর্ভস্থ পানির ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারপ্রধান বলেন, অতিরিক্ত ব্যবহারের কারণে ভূগর্ভস্থ পানির স্তর কমে যাচ্ছে, ফলে কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, খাল খনন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি কৃষি, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গেও সরাসরি সম্পর্কিত একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

দুর্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও সচেতনতা ও পরিকল্পনার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো যায়। ভবন নির্মাণ, অবকাঠামো উন্নয়ন ও বনভূমি হ্রাসের কারণে ঝুঁকি বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নতুনভাবে নির্মিত দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা হবে, যা ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় ভূমিকা রাখবে।

দেশের সম্পদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সীমিত সম্পদ সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করা গেলে বাংলাদেশ আরও উন্নত দেশের দিকে এগিয়ে যেতে পারবে। তিনি প্রকৃতির প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং বলেন, দুর্যোগ পুরোপুরি রোধ করা না গেলেও সচেতনতা বৃদ্ধি করে ক্ষতি কমানো সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *