বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সবশেষ

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন করতে চায় ইসি: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে অতীতের সহিংসতা ও প্রাণহানির ঘটনা বন্ধ করাকে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রক্তপাতহীন ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য। এ জন্য রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ঘিরে অতীতে দেশে বহু সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিভিন্ন সংস্থার তথ্য তুলে ধরে তিনি জানান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) হিসাব অনুযায়ী ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হয়েছিলেন। অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাণ হারান ১১৬ জন।

তিনি বলেন, এত বড় পরিসরের নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। দেশে বর্তমানে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ১৩টি সিটি করপোরেশন এবং প্রায় ৩৩০টি পৌরসভার নির্বাচন করতে হবে। এসব নির্বাচন সংঘাতমুক্ত রাখতে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালাবে বলেও জানান তিনি।

ঋণখেলাপিদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে নির্বাচন কমিশন কোনো পক্ষকে বেছে নিয়ে সিদ্ধান্ত নেয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মশালার কথাও তুলে ধরেন এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থায় কোথায় উন্নতির সুযোগ রয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। কারণ একটি নির্বাচন কমিশন সাধারণত একটি জাতীয় নির্বাচন আয়োজন করেই দায়িত্ব শেষ করে। তাই ভবিষ্যৎ কমিশনের জন্য অভিজ্ঞতা ও কার্যকর দিকনির্দেশনা রেখে যেতে চায় বর্তমান কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *