বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সবশেষ

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাত বছর বয়সী শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে আজ রাতে তাদের বাসায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারটির খোঁজখবর নেওয়া এবং তাদের প্রতি সমবেদনা জানাতেই এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) মন্ত্রিসভার বৈঠক শেষ করার পর সরাসরি পল্লবীতে রামিসাদের বাসায় যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং সাম্প্রতিক এই মর্মান্তিক ঘটনার বিষয়ে খোঁজ নেবেন।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় শিশু রামিসার মরদেহ। পুলিশ জানায়, ফ্ল্যাটের একটি খাটের নিচে মস্তকবিহীন দেহ পাওয়া যায়। পরে বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তের শুরুতে প্রধান অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। পরে অভিযুক্ত সোহেল রানাকেও গ্রেফতার করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার পর থেকেই এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *