বুধবার, ২৭ মে ২০২৬

সবশেষ

ঈদযাত্রায় আবারও ঝরল প্রাণ: দেশের ৭ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা যত বাড়ছে, ততই বাড়ছে সড়ক দুর্ঘটনার ভয়াবহতা। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের মধ্যে নারী, শিশু ও একই পরিবারের সদস্যও রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ, বরিশাল, সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, জামালপুর ও চাঁদপুরে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সিরাজগঞ্জ ও বরিশালে তিনজন করে, সাতক্ষীরায় দুইজন এবং খুলনা, ফরিদপুর, জামালপুর ও চাঁদপুরে একজন করে নিহত হয়েছেন।

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩
সিরাজগঞ্জের সলঙ্গা থানার সিআরবিসি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সলঙ্গা থানা-পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তারা সবাই পুরুষ বলে জানিয়েছে পুলিশ।

বরিশালে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে একই পরিবারের তিনজন নিহত হন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

নিহতরা হলেন, ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিয়া বেগম এবং তাদের শিশুকন্যা জান্নাত। স্থানীয়রা জানান, যানজটের কারণে মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস এসে ধাক্কা দেয়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাতক্ষীরায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের
সাতক্ষীরার তেতুলিয়া এলাকায় খুলনা-পাইকগাছা সড়কে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম আলী ফকির (৩২) ও মেহেদী হাসান ফকির (২৫) তালা উপজেলার প্রসাদপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, চুকনগরের দিকে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নাসিম মারা যান। গুরুতর আহত মেহেদীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

খুলনায় কোরবানির পশুবাহী নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু
খুলনার কয়রা উপজেলায় কোরবানির পশু বহনকারী একটি নসিমন উল্টে মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাগালী ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তার সাত বছরের ছেলে হাবিবসহ আরও তিনজন আহত হন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
ফরিদপুর সদর উপজেলার ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মিম খাতুন (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক গাড়িটি এখনও শনাক্ত করা যায়নি।

জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে পথচারী নিহত
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ছোট জয়রামপুর এলাকায় বালুবাহী ড্রামট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে রত্না ভানু (৪৭) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, সংঘর্ষের সময় রাস্তার পাশে হাঁটছিলেন রত্না ভানু। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।

চাঁদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় মিম আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে অনি-রনি ব্রিকস এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নানির সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল মিম। রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ বাড়ায় একের পর এক দুর্ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *